সিরাজগঞ্জে ১,১৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বর এলাকায় র্যাব-১২ এর বিশেষ অভিযানে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৭টা ১০ মিনিটে র্যাব-১২, সদর কোম্পানির একটি দল যমুনা সেতু পশ্চিম থানাধীন গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদকসহ একজনকে আটক করা হয়। গ্রেফতার মো. আশরাফুল ইসলাম (৪০) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামের মৃত গফুর শেখের ছেলে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আশরাফুল ইসলামের কাছ থেকে ১ হাজার ১৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও হেরোইনের ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করতেন বলে র্যাবের কাছে তথ্য দিয়েছেন। র্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি, সন্ত্রাসী, জঙ্গি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আশরাফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যমুনা সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।