স্টেকহোল্ডার সম্পৃক্ততা জোরদারে পাবলিক ইন্টারেস্ট ফোরাম চালু করল আইক্যাব

প্রকাশঃ Jun 9, 2026 - 23:05
স্টেকহোল্ডার সম্পৃক্ততা জোরদারে পাবলিক ইন্টারেস্ট ফোরাম চালু করল আইক্যাব

স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা আরও জোরদার করা এবং হিসাব বিজ্ঞান পেশা, করপোরেট সুশাসন, আর্থিক প্রতিবেদন, টেকসই উন্নয়ন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও জাতীয় অর্থনৈতিক উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয়ে কৌশলগত মতামত ও দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে ‘আইক্যাব পাবলিক ইন্টারেস্ট ফোরাম (পিআইএফ)’ চালু করেছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ । এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ সদস্য বিশিষ্ট ফোরামটি রোববার রাজধানীর সিএ ভবনে প্রথম সভা করেছে। এর মাধ্যমে নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, ব্যবসায়ী নেতা, শিক্ষাবিদ, উন্নয়ন সহযোগী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আইক্যাবের সম্পৃক্ততার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। 

আইক্যাব জানায়, জনস্বার্থ রক্ষা এবং বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ও ব্যবসায়িক পরিবেশে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় এ উদ্যোগকে স্বাগত জানানো হয় এবং আশা প্রকাশ করা হয়, ফোরামটি আইক্যাবের জনস্বার্থ সংশ্লিষ্ট ওঅংশগ্রহণকারীরা স্ব-নিয়ন্ত্রক ভূমিকা আরও শক্তিশালী করবে, হিসাব বিজ্ঞান পেশার প্রতি আস্থা বাড়াবে এবং করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

ফোরামের সদস্যরা বলেন, আস্থা পুনঃপ্রতিষ্ঠা, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে শক্তিশালী সুশাসন ও বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও উল্লেখ করেন, ফোরাম প্রতিষ্ঠা আইক্যাবের সংস্কার কৌশল ২০২৫-২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। কাঠামোবদ্ধ স্টেকহোল্ডার সম্পৃক্ততার এ ব্যবস্থা মূল্যবান মতামত আহরণ, নীতিগত সংলাপ জোরদার এবং কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কার ও জাতীয় উন্নয়ন ফলাফল অর্জনে সহায়ক হবে। 

ফোরামটিতে দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা একত্রিত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি. রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি রূপালী চৌধুরী, সিপিডির বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. জায়েদী সাত্তার, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ, ফিকির নির্বাহী পরিচালক টি.আই.এম. নুরুল কবির, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার তানভীর হাবিব রহমান এবং ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম।

বাংলাদেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী এবং বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরাও ফোরামে যোগ দেন। অনুষ্ঠানে আইক্যাবের সভাপতি এনকেএ মোবিন বলেন, পাবলিক ইন্টারেস্ট ফোরাম গুরুত্বপূর্ণ অংশীজনদের মধ্যে জ্ঞানভিত্তিক সংলাপ ও সহযোগিতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘এটি আইক্যাবকে উদীয়মান চ্যালেঞ্জ সম্পর্কে আগাম ধারণা নিতে, জাতীয় নীতিনির্ধারণী আলোচনায় অর্থবহ অবদান রাখতে এবং বাংলাদেশের উন্নয়ন আকাঙ্ক্ষা  বাস্তবায়নে জনস্বার্থ সংশ্লিষ্ট দায়িত্ব আরও শক্তিশালী করতে সহায়তা করবে।’ 

আইক্যাবের ভাইস প্রেসিডেন্ট (সংস্কার কৌশল) সুরাইয়া জান্নাত প্রতিষ্ঠানের সংস্কার কৌশল ২০২৫-২০৩০-এর সারসংক্ষেপ উপস্থাপন করেন। তিনি বলেন, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রাকে সহায়তা করতে স্টেকহোল্ডার সম্পৃক্ততা, নেতৃত্ব, নীতিমালা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সভায় আইক্যাবের ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান, মো. মনিরুজ্জামান এবং কাউন্সিল সদস্য সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।