কাউন্টিতে ফিরেই বল হাতে ঝলক হাসানের
কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে নেমে আবারও বল হাতে ঝলক দেখালেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারের মুখোমুখি হয় হাসানের কেন্ট। ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাট করে প্রথম দিনই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। ব্যাট হাতে ৪ রানে অপরাজিত থাকেন হাসান।
এরপর প্রথম দিন বল হাতে নামতে হয় কেন্টকে। ইনিংসে ষষ্ঠ ও নিজের করা তৃতীয় ওভারে পরপর দুই বলে উইকেট তুলে নেন হাসান। উস্টারশায়ারের জ্যাক লিব্বিকে ১৮ ও রেহান এডাভালথকে শূন্যতে শিকার করেন হাসান।
দ্বিতীয় দিন আরও ২ উইকেট শিকার করেন হাসান। উস্টারশায়ারের ম্যাথু ওয়েটকে ১৫ ও এডাম ফিঞ্চকে ৭ রানে শিকার করেন তিনি। ইনিংসে ১৮ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান। এতে প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয় উস্টারশায়ার।
গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান।