তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ

প্রকাশঃ Oct 8, 2026 - 19:38
তিন বছর পর মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ


তিন বছরের বিরতির পর আগামী শনিবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে আয়োজিত এবারের আসরে ১১টি ক্লাব অংশ নেবে।

উদ্বোধনী ম্যাচে ব্যাচেলর্স স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। দিনের দ্বিতীয় ম্যাচে ওয়ারী ক্লাব খেলবে ঢাকা ইয়াং স্টারের বিপক্ষে।

বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন।

তিন বছর আগে সর্বশেষ প্রথম বিভাগ হকি লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর প্রতিযোগিতাটি পুনরায় আয়োজনের জন্য আগের কমিটি বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছিল বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান প্রথম বিভাগ হকি লিগ কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী।

তিনি বলেন, “বিভিন্ন কারণে গত তিন বছরে লিগটি আয়োজন করা সম্ভব হয়নি। আগের কমিটি লিগ আয়োজনের জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিল।”

অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলর্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, রায়েরবাজার এসসি এবং ঢাকা ইয়াং স্টার ক্লাব।

ইউসুফ জানান, লিগের চ্যাম্পিয়ন দল প্রিমিয়ার ডিভিশনে উন্নীত হবে। আর পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলটি দ্বিতীয় বিভাগে নেমে যাবে।

লিগের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে প্রথম বিভাগ হকি লিগ কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুল আলম বাবলু এবং আম্পায়ার্স বোর্ডের সম্পাদক নাজিরুল ইসলাম নাজু উপস্থিত ছিলেন।