যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
জেলায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ও দুপুরে যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামের আমজেদ গাজী (৫৪) ও একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আসিরন বিবি (৬৫) এবং কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের রোকেয়া বেগম (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের উড়োতলা এলাকায় গড়াই পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমজেদ গাজী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরেক যাত্রী আসিরন বিবিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নওয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। বাস চালক ও হেলপারকে আটকের চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, শুক্রবার সকাল ৭টার দিকে কেশবপুর উপজেলার মধ্যকুল উত্তরপাড়া এলাকায় যশোরগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবিহীন বাস পথচারী রোকেয়া বেগমকে চাপা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি এতিমখানা ভবনের সীমানাদেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে বাস চালকের সহকারী আহত হন।
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসোনা খাতুন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি থানা হেফাজতে রয়েছে।