সিলেটে সাবেক এমপির বাড়িতে ভাঙচুর-আগুন, গ্রামবাসীর পাল্টা ধাওয়ায় পুড়ল ১২ মোটরসাইকেল
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিএনপি নেতাকর্মীরা এই হামলা চালায় বলে জানা গেছে। এ সময় বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী পাল্টা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীদের ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেলযোগে আসা প্রায় পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী কামালবাজারের দড়া গ্রামে অবস্থিত সাবেক এমপি হাবিবের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়ির মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা-জানালার কাঁচ ও আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুর করে এবং একপর্যায়ে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে একত্রিত হন এবং হামলাকারীদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এলাকাবাসীর ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এ সময় স্থানীয়রা হামলাকারীদের ১২টি মোটরসাইকেল আটক করে আগুনে পুড়িয়ে দেন।
স্থানীয়দের মতে, রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পুনরায় হামলার আশঙ্কায় লিডিং ইউনিভার্সিটির সামনে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। অন্যদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সাবেক এমপির বাড়িতে অবস্থান নিয়েছেন স্থানীয় গ্রামবাসী। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
কামালবাজার এলাকার মুরুব্বি ময়না মিয়া জানান, এলাকায় এখনো উত্তেজনা চললেও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনার কারণ সম্পর্কে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন জানান, শনিবার সকালে সিলেট-৩ আসনের এমপি এম এ মালিকের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে বিকেলে বিএনপি নেতাকর্মীরা সাবেক এমপি হাবিবুর রহমান হাবিবের বাড়িতে এই হামলা চালায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।