কক্সবাজার পর্যটন কার্নিভাল ঘিরে ঝাউগাছ কাটার অপপ্রচার, দাবি কর্তৃপক্ষের
কক্সবাজার প্রতিনিধি, ১৮ নভেম্বর ২০২৬:
কক্সবাজার পর্যটন কার্নিভাল আয়োজনকে কেন্দ্র করে ঝাউগাছ কেটে অবকাঠামো নির্মাণের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং প্রমলাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের সহযোগিতায় আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ অনুষ্ঠিত হবে।
কক্সবাজারের হোটেল সি-গাল প্রাঙ্গণ ও এর আশপাশের প্রায় ৩৫ একর জায়গাজুড়ে এ বৃহৎ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে কার্নিভালের অবকাঠামো নির্মাণের জন্য ঝাউগাছ কাটা হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এহসানুল কবীর জানান, কার্নিভালের ১৫ থেকে ১৬টি বিশেষ জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। হোটেল সি-গালের নিজস্ব কম্পাউন্ড ও বরাদ্দকৃত এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি এবং বনাঞ্চলেরও কোনো ক্ষতি করা হয়নি।
তিনি আরও জানান, কিছু অসাধু ও স্বার্থান্বেষী মহল গাছের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারিকুর রহমান জানান, তিনি হোটেল সি-গাল প্রাঙ্গণ সরেজমিনে পরিদর্শন করে পর্যটন কার্নিভাল উপলক্ষে গাছ কাটার কোনো প্রমাণ পাননি।
তবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, কয়েক দিন আগে সিভিল এভিয়েশন বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে কিছু গাছের মাথা ছাঁটাই করে সেগুলো সংগ্রহ করে একটি জায়গায় জমা রেখেছিল। মূলত ওই জমা করা গাছগুলোর ছবি তুলে পর্যটন কার্নিভালের নামে অপপ্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে, কক্সবাজার বিমানবন্দরের এয়ারোড্রাম কর্মকর্তা (এটিএম) মোহাম্মদ নাছিমুল গণি জানান, বিমানবন্দরের রানওয়ের ৩৫ নম্বর প্রান্তের উড্ডয়ন ও অবতরণ পথে (অ্যাপ্রোচ ফানেল) বিদ্যমান ঝাউগাছের উচ্চতা নির্ধারিত সীমার চেয়ে বেশি হওয়ায় সামরিক ও বেসামরিক উভয় ধরনের বিমানের পাইলটদের নিরাপদে অবতরণে জটিলতা তৈরি হচ্ছিল।
বিমানের নিরাপদ উড্ডয়ন ও অবতরণের স্বার্থে প্রতিবছরের মতো এবারও কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সঙ্গে সমন্বয় করে অ্যাপ্রোচ ফানেলে থাকা ঝাউগাছের উঁচু ডালপালা ছাঁটাই (ট্রিমিং) করা হয়েছে। কোনো গাছ গোড়া থেকে কাটা হয়নি; শুধু অতিরিক্ত উঁচু ডালপালা ছাঁটাই করা হয়েছে।
বাংলাদেশ পর্যটন করপোরেশন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগ ও কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠন এবং সচেতন নাগরিকদের অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।