ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান সালাউদ্দিনের, ব্যাটারদের প্রতি বার্তা

প্রকাশঃ Jul 16, 2026 - 22:53
ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান সালাউদ্দিনের, ব্যাটারদের প্রতি বার্তা


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের জন্য দলের ব্যাটারদের একই ভুলের সমালোচনা করেছেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

বাংলাদেশের ব্যাটিং ইউনিট ম্যাচের পরিস্থিতি ও পরিবেশের সাথে মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ম্যাচে দাপট দেখায় জিম্বাবুয়ে। 

সালাউদ্দিন জানান, ভুল থেকে শিক্ষা নিতে না পারায় ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে আছে বাংলাদেশের ব্যাটাররা। 

গতকাল বুলাওয়েতে সাংবাদিকদের সালাউদ্দিন বলেন, ‘আমরা প্রতি ম্যাচ জয়ের জন্য খেলতে নামি। তবে নির্দিষ্ট কিছু বোলারের বিপক্ষে আমাদের ব্যাটারদের আরও কৌশলগত উন্নতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার একই ভুল করছি। কিন্তু ভুল করার পরও আমরা শিখছি না। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’

প্রায় এক মাসের সফরে জিম্বাবুয়েতে আছে বাংলাদেশ দল। তারপরও সেখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারায় প্রশ্ন তোলেন সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আমরা এখানে ২০ থেকে ২৫ দিন ধরে আছি। এখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা জরুরি। তারপরও যদি আমরা বলি, আমরা মানিয়ে নিতে পারিনি, তাহলে সেটা ভালো লক্ষণ না। ব্যাটারদের যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে।’

এবারের সফরে জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানিকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও নিজেদের অসহায়ত্ব দেখিয়েছে হৃদয়-ইমনরা। প্রথম ম্যাচে ৪টি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রাখেন এনগারাভা ও মুজারাবানি।

সালাউদ্দিন বলেন, ‘টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকেই আমরা এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারছি না। পুরো সফর জুড়ে পার্থক্য গড়ে দিয়েছে তারা। এই দুই পেসারকে কিভাবে সামলাতে হবে, সে বিষয়ে আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ের এই দুই বোলার বেশ লম্বা। যেকোন উইকেট থেকে তারা অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তা হওয়া উচিত, এই দুজন পেসারকে কিভাবে সামলানো যায়।’