এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি নকআউটে বাংলাদেশ
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তাদের সাথে সরাসরি নক আউটে খেলবে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
আইসিসি র্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।
অন্যদিকে, বাছাই পর্বে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।
গতকাল বৃহস্পতিবার এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে ১০টি দল এবং নারী বিভাগে মোট ৮টি দল অংশ নেবে।
পুরুষ বিভাগে বাছাই পর্বে ‘এ’ গ্রুপে আছে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, হংকং ও ওমান। পুরুষ বিভাগের খেলা ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত চলবে।
নারী ইভেন্ট কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে। শেষ আটে বাংলাদেশ-চীন, ভারত-জাপান, শ্রীলংকা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড মুখোমুখি হবে। নারী বিভাগের খেলা চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এশিয়ান গেমসের সব ম্যাচই জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ টি-টোয়েন্টি সংস্করণে হবে।
সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে পুরুষ ও নারী বিভাগে স্বর্ণপদক জিতেছিল ভারত।