প্রাক-মৌসুম ম্যাচে সিডনি এফসির সঙ্গে ড্র টটেনহ্যামের

প্রকাশঃ Jul 29, 2026 - 19:20
প্রাক-মৌসুম ম্যাচে সিডনি এফসির সঙ্গে ড্র টটেনহ্যামের


প্রাক-মৌসুমে অস্ট্রেলিয়ান দল সিডনি এফসির সাথে হোঁচট খেয়েছে প্রিশিয়ার লিগের ক্লাব টটেনগ্যাম। স্ট্রাইকার মাথিস টেলের দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে এগিয়ে গিয়েও প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে সিডনি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম হটস্পার। বুধবারের এই ফল লন্ডনের ক্লাবটির প্রাক-মৌসুমের ইতিবাচক ধারায় কিছুটা ছন্দপতন করেছে।

২৯তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড টেল দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক থেকে গোল করে টটেনহ্যামকে এগিয়ে দেন। তবে রবার্তো ডি জারবির দল সেই লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সিডনির নতুন জাপানি সাইনিং তাকাহিরো সেকিনে সমতাসূচক গোল করেন।

নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হওয়ার পর আনুষ্ঠানিকতা হিসেবে টাইব্রেকার অনুষ্ঠিত হয়, যেখানে টটেনহ্যাম ৪-২ ব্যবধানে জয় পায়।

রোববার অকল্যান্ড এফসিকে ২-০ গোলে হারানোর পর দীর্ঘ নিউজিল্যান্ড সফরের ক্লান্তি বিবেচনায় ডি জারবি এদিন অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দেন এবং বেশ কয়েকজন নিয়মিত তারকাকে বিশ্রামে রাখেন।

তবে সিডনি ফুটবল স্টেডিয়ামের ম্যাচে প্রথম একাদশে ছিলেন আর্চি গ্রে, রিচার্লিসন, মাথিস টেল, বেন ডেভিস, মানর সলোমন, মার্টিন দুব্রাভকা। নিউক্যাসল ইউনাইটেড ও নটিংহ্যাম ফরেস্টের আগ্রহের গুঞ্জনে থাকা সুইডিশ মিডফিল্ডার লুকাস বের্গভালও শুরুর একাদশে ছিলেন।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ক্লাবের রেকর্ড সাইনিং সান্দ্রো টোনালি। সাবেক নিউক্যাসল মিডফিল্ডার চোটের কারণে প্রথম প্রীতি ম্যাচে খেলতে পারেননি, তবে আজও তেমন প্রভাব ফেলতে পারেননি।

দলে নতুন যোগ দেওয়া অ্যান্ডি রবার্টসনের ম্যাচ শেষের ২৫ মিনিট আগে টটেনহ্যামের জার্সিতে অভিষেক হয়।

তবে গত মাসে ওয়েস্ট হ্যাম থেকে যোগ দেওয়া মাতেয়স ফার্নান্দেসকে দেখা যায়নি। অকল্যান্ডের বিপক্ষে শেষ আধঘণ্টা খেললেও ব্রিটিশ গণমাধ্যমের দাবি, তিনি চোটে পড়েছেন। ফলে ম্যাচের স্কোয়াডেই ছিলেন না পর্তুগিজ এই মিডফিল্ডার।

এছাড়া জেমস ম্যাডিসন, ডেসটিনি উদোজি, মিকি ফন ডে ফেন এবং ইয়ান পল ফন হেকেও অনুপস্থিত ছিলেন।

২০ বছর বয়সী আর্চি গ্রে টানা দ্বিতীয় ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেন। ম্যাচের শুরুতে টটেনহ্যাম বলের দখল ধরে রেখে দ্রুত আক্রমণ গড়ে তোলে এবং টেল ও কনর গ্যালাঘার দুজনই গোলের সুযোগ তৈরি করেন।

অবশেষে সলোমনকে বক্সের ঠিক বাইরে ফাউল করলে প্রাপ্ত ফ্রি-কিক থেকে অসাধারণ বাঁকানো শটে বল জালে জড়ান টেল।

এর কিছুক্ষণ পর গ্যালাঘারের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল টটেনহ্যাম।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলি হিসেবে নামা লুকা উইলিয়ামস-বার্নেটের শট ক্রসবারে লাগে। কিন্তু ম্যাচের ধারার বিপরীতে ৫৫তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কোটা তাকাইয়ের পাস প্রতিপক্ষের গায়ে লেগে সেকিনের সামনে চলে এলে তিনি জোরালো শটে গোল করেন।

এরপর টটেনহ্যামের উইঙ্গার ইয়াং মিন-হিয়ক অ্যান্ডি রবার্টসনের বাড়ানো বলে পোস্টের খুব কাছ থেকে সহজ একটি সুযোগ নষ্ট করেন। কিছুক্ষণ পর হেড থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। ফলে গোল পাওয়া হয়নি টটেনহ্যামের।

গত মৌসুমে শেষ দিনের লড়াইয়ে অল্পের জন্য রেলিগেশন এড়ানো টটেনহ্যাম আগামী শনিবার সিডনিতে চেলসির মুখোমুখি হবে।

অন্যদিকে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সকে ৬-৪ গোলে হারিয়ে যাত্রা শুরু করেছে চেলসি।