সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশঃ Sep 1, 2026 - 21:36
সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু


জেলার সাঙ্গু নদীতে বান্ধবীদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে স্কুলছাত্রী সাদিয়া ইসলাম মুমুর (১৪) মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে জেলার রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে এ ঘটনা ঘটে।

বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

নিহত সাদিয়া ইসলাম মুমু কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।

জানা গেছে, সাদিয়া ইসলাম মুমু কয়েকজন বান্ধবীকে নিয়ে ছাইংগ্যা এলাকায় সাঙ্গু নদীতে পিকনিকে যায়। পরে তারা নদীতে গোসল করতে নামলে মুমু পানিতে ডুবে নিখোঁজ হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। 

পরে তাকে নদী থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।