সীতাকুণ্ডে শিপইয়ার্ডে আহত শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় আহত মো. আলাউদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (রোববার) সকালে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলাউদ্দিন উপজেলার কুমিরার বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।
ঘটনা সূত্রে জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুরে অবস্থিত বারাকা শিপব্রেকিং ইয়ার্ডে ফিটারম্যান হিসেবে কর্মরত ছিলেন আলাউদ্দিন। গত রোববার সেই ইয়ার্ডে জাহাজের উপরে কাজ করার সময় তিনি নীচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে আট দিন চিকিৎসা শেষে সকালে তিনি মারা যান।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বারাকা শিপইয়ার্ডে এক শ্রমিক কর্মরত অবস্থায় আহত হয়েছিলেন। সকালে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে জাহাজের ট্যাংক কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ১০ শ্রমিকের মৃত্যু হয়।