বৈষম্যহীন ও শান্তিপূর্ণ দেশ গড়তে চায় সরকার: হুইপ দুলু

প্রকাশঃ Sep 4, 2026 - 23:00
বৈষম্যহীন ও শান্তিপূর্ণ দেশ গড়তে চায় সরকার: হুইপ দুলু


জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ দেশ গড়তে চায় সরকার। এখানে ধর্ম যার যার, বাংলাদেশ সবার।

ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আজ শুক্রবার বিকেলে শহরের শ্যামসুন্দর মন্দির প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এই পৃথিবীতে শান্তির জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য। দুষ্টের দমন আর শিষ্টের পালনই ছিলো তাঁর মূলমন্ত্র। 

তিনি বলেন, অভিন্ন লক্ষ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি শান্তির জন্য। আমি বিশ্বাস করি, যে অন্যায়-অবিচার, যে স্বৈরশাসনের বিরুদ্ধে শ্রীকৃষ্ণ সংগ্রাম করে গেছেন, সে আদর্শকে ধারণ করে আমাদের হিন্দু সমাজ, এ দেশের মানুষ আগামী দিনে এ দেশের শান্তি, গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কার্যকরি ভূমিকা পালন করবেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে বাংলাদেশি জাতীয়তাবাদের কথা উল্লেখ করেছিলেন। তাঁর লক্ষ্য ছিলো, এ দেশে ধর্মগত পার্থক্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। আমরা এক, ধর্ম যার যার, বাংলাদেশটা সবার। 

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার সাহা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রসাদ কুমার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।