সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা
জেলার ১৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যাণমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।
আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন এক অনুষ্ঠানে প্রধান অতিথি ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে এ বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, আজকের দিনে মানবকল্যাণমুখী এ মহান ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা প্রার্থনা করি ভাল মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো, সত্য কথা বলব, প্রতারণা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) গণপতি রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলার শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন, সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল) ও স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।
ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিলো অন্যতম আকর্ষণ।
ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তি প্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যাণমূলক কার্যক্রম করে আসছে সারা দেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-এ জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে।

