ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় ভেনেজুয়েলাবাসী

প্রকাশঃ Jul 24, 2026 - 21:45
ভূমিকম্পে নিখোঁজদের জীবিত উদ্ধারের গুজবে আশায় ভেনেজুয়েলাবাসী


ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার এক মাস পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভেনেজুয়েলার সিভিল প্রোটেকশন সংস্থা এক বিবৃতিতে জানায়, জীবিত ব্যক্তিদের উদ্ধার হওয়ার দাবি করে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ‘সম্পূর্ণ মিথ্যা।’

গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া স্বজনদের এখনও খুঁজে ফিরছেন অনেক শোকাহত পরিবার।

ভেনেজুয়েলার কারাবালেদা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর লা গুয়াইরার ওপিপি-২৬ আবাসন কমপ্লেক্স থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ বিভ্রান্তিকর তথ্য নিখোঁজ স্বজনদের পরিবারের জন্য কঠিন পরিস্থিতিকে যেনো অসহনীয় করে তোলে। খবর শুনে আশায় বুক বেঁধে তাদের অনেকে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

চোখের পানি মুছতে মুছতে নাইতি সারিয়া এএফপিকে বলেন, ‘এভাবে তথ্য বিকৃত করা উচিত নয়। কারণ এতে মানুষের মনে আশা জাগে। অথচ আপনি যেখানে জানেন, এমন ঘটা অসম্ভব।’

সারিয়া গত এক মাস ধরে তার ৭৪ বছর বয়সী শাশুড়ি ওলগা হার্নান্দেজকে খুঁজছেন। তিনি ওপিপি-২৬ আবাসন কমপ্লেক্সের ১২ তলা একটি ভবনে থাকতেন।

সারিয়া বলেন, ‘সৃষ্টিকর্তার দ্বারা সব কিছুই সম্ভব। তারপরও এখানে যারা আছেন, তাদের অনুভূতি নিয়ে খেলা করা ঠিক নয়। এতে খুব কষ্ট বাড়ে।’ 

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভূমিকম্পে পাঁচ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৭ হাজার। উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে ২৩ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ বিপর্যয়ের পর এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।