এসডিএফ চেয়ারম্যান-এমডির পদত্যাগসহ দুই দফা দাবিতে আন্দোলন
চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্মকর্তার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা। দুই দফা দাবি আদায়ে সরকারের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির জাতীয় কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ মিয়া। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দেশের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে আসছেন। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়া ও অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় প্রায় ১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, বর্তমানে এসডিএফের আরইএলআই প্রকল্পে প্রায় ১ হাজার ১৬৫ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তাদের অনেকেই ১৫ থেকে ২৫ বছর ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে দায়িত্ব পালন করছেন। বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহার এবং প্রকল্পের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় তাদের চাকরি ও পরিবারের আর্থিক নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অজুহাতে দীর্ঘদিনের অভিজ্ঞ ও দক্ষ জনবলের চাকরির নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাদের মতে, একটি প্রকল্পের মেয়াদ শেষ হওয়া মানেই প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘদিন অবদান রাখা কর্মীদের কর্মজীবন শেষ হয়ে যাওয়া নয়। বরং তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতাকে প্রাতিষ্ঠানিক সম্পদ হিসেবে বিবেচনা করে নতুন প্রকল্পে অগ্রাধিকার দেওয়া উচিত।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি অর্থায়নে গত ২৯ মে থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য আরইএলআই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। তবে এই সময়সীমা দীর্ঘমেয়াদি চাকরির নিশ্চয়তা দিতে পারছে না বলে দাবি করেন তারা। এ সংকট নিরসনে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন আন্দোলনকারীরা।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দুই দফা দাবির প্রথমটিতে বলা হয়, আগামী ২৮ নভেম্বরের আগেই চাকরির মেয়াদ বাড়াতে হবে। পাশাপাশি নতুন প্রকল্পে বর্তমানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প থেকে বাদ পড়া (ফেইজ আউট) কর্মী এবং ফিশারিজ বিভাগের জনবলের চাকরি নিশ্চিত করতে হবে।
দ্বিতীয় দাবিতে এসডিএফের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীনের পদত্যাগ দাবি করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, এই দুই কর্মকর্তা দুর্নীতির সঙ্গে জড়িত এবং বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন।
আন্দোলনকারীরা বলেন, তাদের কর্মসূচি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং নিজেদের ন্যায্য অধিকার, চাকরির নিশ্চয়তা ও জীবিকার নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
একই সঙ্গে এসডিএফের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখা, সরকারি বিনিয়োগের সুরক্ষা এবং প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট পরিবারগুলোর জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।