হাসেন হুমায়ুন ভাই
ব্রিফিংয়ে সাংবাদিকরা কোন প্রশ্ন করলে তিনি হাসেন। মন্ত্রণালয়ে কলিগরা কিছু জানতে চাইলে তিনি হাসেন। এমনকি দলের নেতাদের সিরিয়াস কোন ইস্যুতে আলোচনার সময়ও তিনি হাসেন। সেই হাসি সাধারণ কোন হাসি নয়, কখনও বাঁকা কূটময়হাসি, কখনওবা তাচ্ছিল্যের, কখনও কঠিন আত্মবিশ্বাসের। তাঁর দিগন্তজোড়া হাসির সুখ্যাতি শুধু দেশের পরিমণ্ডলে নয়, ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। তিনি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জনসম্মুখে এলে সর্বদাই হাসেন আমাদের হুমায়ুন ভাই।
সেদিন যুক্তরাষ্ট্র থেকে এক সিনিয়র সাংবাদিক বন্ধু ফোন করে বললেন, ‘ভাই তোমরা কি হুমায়ুনের হাসি দেখোনা? কাউকে তো কিছু লিখতেও দেখিনা। ওর হাসি দেখলে আমার তো গাঁ কেন পিত্তি শুদ্ধো জ্বলে যায়। এইভাবে কেউ দাঁত ক্যালায়?’ হুমায়ুন ভাইয়ের হাসি দেখে কারও কারও গাত্রদাহ এবং বিরক্তির উদ্রেক হলেও অনেকের মধ্যে রসবোধও জাগ্রত হয়। ইতোমধ্যে এই বিতর্কিত হাসি ‘ব্যক্তি বিশেষের’ মনও জয় করে নিয়েছে।
শুধু হাসি নয়, এর সঙ্গে হুমায়ুন ভাইয়ের কিছু তির্যক লাগামছাড়া মন্তব্য কূটনৈতিক মহলে শিষ্টাচার লংঘন ও আলোচনার উদ্রেক করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও দু’একজন মন্ত্রী মার্কিন কূটনীতিকদের নিয়ে শিষ্টাচার বহির্র্ভূত মন্তব্য করেছিলেন। নানা ভঙ্গিমায়। এমনকি তখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘টেররিস্ট’ আখ্যা দেয়া হয়েছিল। যা আন্তর্জাতিক মহল কখনোই ভাল চোখে দেখেনি। আওয়ামী আমলের সেই মন্ত্রীরাই এখন কূটনীতিকদের এ্যাপয়েন্টমেন্ট পেতে মাসকাল অপেক্ষা করছেন। তাহলে পালাবদলের পালে হুমায়ুন ভাইকে দিয়ে এর পুনরাবৃত্তি কেন? তাঁর এই অঙ্গভঙ্গি এবং সন্তুষ্টি কূটনীতিকরা কোন চোখে দেখবেন?
শুনছি, পর্দার আড়োলে নাকি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সঙ্গে কোন একটি ইস্যুতে নেগোসিয়েশন চলছে। অথচ হুমায়ুন ভাই কিছুদিন আগে ভারত প্রসঙ্গে বলেছিলেন, ‘ভারতে নাশতা, ভারতে দুপুরের খাবার, ভারতে রাতের খাবার তাহলে নিজের দেশের খাবার খাবেন কখন?’ তিনি এও বলেছিলেন, ‘ভারত আর দশটা দেশের মতোই একটি দেশ।’ শেখ হাসিনা ও প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘তিনি কি রংপুরে শ্বশুরবাড়ি বেড়াতে আসছেন যে তাঁকে পাসপোর্ট দিতে হবে?’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ টেররিস্টদের পাসপোর্ট দেয় না; তাদের হস্তান্তর চায়।’ স্বভাবতই প্রশ্ন জাগে, তিনি কি আন্তর্জাতিক মহলকে এই মেসেজ দিতে চান যে, বাংলাদেশে সত্যিই টেররিজম আছে? নিজের দ্বিনাগরিকত্ব প্রসঙ্গে রিপোর্ট প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের হেয় করে তিনি বলেন, ‘কার এত জ্বালা’, তিনি বলেন, ‘আমিতো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন।’
মহীয়ান এই রাজনীতিক খুব অল্প সময়ের মধ্যে বিএনপি ও সরকারের মধ্যে কান্ডারি হিসেবে নাম লিখিয়েছেন। পররাষ্ট্রের মত গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। এই ক’মাসে কূটনৈতিক সাফল্য খুব বেশি একটা না এনে দিতে পারলেও বেরসিক সাংবাদিকদের বিব্রতকর প্রশ্ন থামাতে তাচ্ছিল্যের হাসি দিয়ে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন। বিদায়ের সময় হাসছেন বিজয়ীর হাসি। এও বা কম কিসে।
হুমায়ুন ভাইয়ের রাজনীতির শুরুটা বিলাতে। লেবার পার্টির রাজনীতি করতেন। তবে এই পার্টিতে তার অবস্থান ও ভূমিকা নিয়ে যেসব তথ্য পাওয়া যায় তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রামে তাঁর জন্ম। মাত্র আড়াই বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে চলে যান। সেখানেই বেড়ে ওঠা, লেখা-পড়া। ব্রিটিশ সমাজ ও রাজনৈতিক পরিবেশেই তাঁর মানসিকতার ভিত্তি গড়ে ওঠা।
যুক্তরাজ্য বিএনপির সাবেক এক শীর্ষ নেতার ছোট্ট একটি গল্প দিয়ে শেষ করি, লন্ডনে একটি প্রোগ্রামে হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর প্রথম পরিচয়। সিলেটের ছেলে, সেই সুবাদে মোবাইল নম্বর আদান-প্রদান। এরপর থেকে সে প্রায়শই তাঁকে ফোন করতেন, দেখা করতে চাইতেন। ব্যস্ততার কারণে তিনি দেখা করার জন্য সময় দিতে পারতেন না। পরবর্তীতে একদিন তাঁকে অফিসে আসতে বলেন। আলাপচারিতার একপর্যায়ে হুমায়ুন বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবার আগ্রহ ব্যক্ত করেন এবং এক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। কয়েকদিন পর তৎকালীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব এবং ‘হাওয়া ভবন’-এর মুখপাত্র আশিক ইসলাম ও বর্তমানে প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস সচিব সালেহ শিবলী তাঁর অফিসে এলে তিনি হুমায়ুন কবিরের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেন এবং অনুরোধ করেন তাকে কোন কাজে লাগানো যায় কিনা।
পরবর্তীতে আশিক ইসলাম ও সালেহ শিবলী তাঁকে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নিয়ে যান। তখন থেকেই হুমায়ুন কবিরের বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু, যা তাঁকে আর পেছনে ফিরে তাকাতে দেয়নি। হাসি’র জাদু, রাজনৈতিক কৌশল আর প্রজ্ঞায় তিনি একের পর এক গুরুত্বপূর্ণ পদ আদায় করে নিয়েছেন, সামনে হয়তো আরও নেবেন।