ট্রাভেল জায়ান্ট ট্রিপ ডটকমকে ৭৬৫ মিলিয়ন ডলার জরিমানা চীনের
একচেটিয়া ব্যবসা আইন লঙ্ঘনের অভিযোগে চীনের বৃহত্তম অনলাইন ভ্রমণ সেবা প্রতিষ্ঠান ট্রিপ ডটকম গ্রুপকে ৭৬৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থা।
চীনের বাজার নিয়ন্ত্রক সংস্থা শনিবার জানিয়েছে, প্রতিষ্ঠানটির কাছ থেকে ৫.১৮ বিলিয়ন ইউয়ান জরিমানা ও অবৈধভাবে অর্জিত অর্থ জব্দ করা হয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
একচেটিয়া ব্যবসার অভিযোগে চীন এর আগেও বড় প্রযুক্তি ও ইন্টারনেট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ২০২০ সালের শেষ দিকে প্রযুক্তি ও ই-কমার্স জায়ান্ট আলিবাবার বিরুদ্ধে ব্যাপক তদন্ত ও পদক্ষেপ উল্লেখযোগ্য।
চীনের রাষ্ট্রীয় বাজার নিয়ন্ত্রণ সংস্থা (এসএএমআর) জানুয়ারিতে ট্রিপ ডটকম গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করে। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি ‘অ্যান্টি-মনোপলি আইন লঙ্ঘন করে বাজারে তাদের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে।’
শনিবার এসএএমআর জানায়, তদন্তে তারা দেখতে পেয়েছে ট্রিপ ডটকম ‘বাজারে তার প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে। এ কারণে প্রতিষ্ঠানটির কাছ থেকে ১.৬৬ বিলিয়ন ইউয়ান অবৈধ আয় জব্দ করা হয়েছে এবং ৩.৫২ বিলিয়ন ইউয়ান জরিমানা করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থার মতে, ট্রিপ ডটকম হোটেলগুলোর সঙ্গে ‘একচেটিয়া চুক্তি’ করার মতো প্রতিযোগিতাবিরোধী কার্যক্রমে জড়িত ছিল। পাশাপাশি কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে অন্য প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্মে কার্যক্রম বন্ধ বা সীমিত করতে বাধ্য করা হয়েছিল।
এসএএমআর এক বিবৃতিতে বলেছে, ‘এই কর্মকাণ্ড সংশ্লিষ্ট বাজারে প্রতিযোগিতা কমিয়েছে বা বাধাগ্রস্ত করেছে, হোটেল ব্যবসায়ী ও ভোক্তাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে এবং শিল্পের নিয়ন্ত্রিত ও সুস্থ বিকাশে বাধা সৃষ্টি করেছে।’
চীনের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে ট্রেন, বিমান ও হোটেল বুকিং সেবা পরিচালনাকারী ট্রিপ ডটকম শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত ‘আন্তরিকভাবে গ্রহণ করছে।’
উইচ্যাটে প্রকাশিত এক পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই জরিমানাকে আমরা গভীর আত্মসমালোচনা ও নিজেদের পরিবর্তনের একটি সুযোগ হিসেবে নেব। আমরা অকার্যকর ও ধ্বংসাত্মক প্রতিযোগিতা থেকে দৃঢ়ভাবে সরে আসব।’