ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজননস্থল ধংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান -২০২৬’ আজ থেকে শুরু করেছে ফরিদপুর পৌরসভা। বৃহস্পতিবার সকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান।
‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’- এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, উপ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, প্রকৌশলী আশিকুর রহমান, উপ সহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু, উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এস এম রফিকুল ইসলাম এবং কনজারভেন্সি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় জানানো হয়, প্রথম দিন ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় আগামী শুক্রবার ১৫ নম্বর ওয়ার্ডে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে ফরিদপুর পৌরসভার সব ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করা হবে।
মশার বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় মশক নিধনের পাশাপাশি বাসাবাড়ি, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে। বিশেষ করে বাড়ির ছাদে, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়; এজন্য নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও পানি জমতে না দেওয়া, মশার সম্ভাব্য প্রজননস্থল ধংস করা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।
এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পৌর এলাকার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

