কাপ্তাইয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন

প্রকাশঃ Oct 29, 2026 - 16:47
কাপ্তাইয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন


জেলার কাপ্তাইয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষ্যে আজ কুইজ প্রতিযোগিতা, র‌্যালি, সচেতনতামূলক ভিডিও প্রদর্শন, বাল্য বিবাহ প্রতিরোধের অঙ্গীকার এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা উন্নয়নের মাধ্যমে মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের (ডব্লিউজিইআইই) উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।

‘মেয়েশিশুর অধিকারে বিনিয়োগ করুন’-এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য উথোয়াই মং মারমা।

জেলার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু’র সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. ইব্রাহিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকরাম হোসেন বেলাল, কাপ্তাই থানার উপ পরিদর্শক মো. হেলাল, জেলা পরিষদের উপজেলা এডুকেশন ফেসিলেটর মংসিং উ মারমা, মহিউদ্দিন মহিম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ, রূপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাই তাদের সুরক্ষা, শিক্ষা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

সভায় বাল্যবিবাহ বন্ধ করা, মেয়ে শিশুদের জন্য বৈষম্যহীন, নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলাসহ তাদের অধিকার সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে কাজ করার আহবান জানানো হয়।

পরে, শিশুদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।