বায়ার্নেই থাকছেন দিয়াজ ও ওলিসে
বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন বলেছেন, লুইস দিয়াজকে ছেড়ে দেওয়া হবে বোকামি। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন, আগামী মৌসুমেও মাইকেল ওলিসে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের হয়েই খেলবেন।
মিউনিখের এক প্রেস ক্লাবের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বায়ার্ন প্রধান ক্লাবের দুই তারকা উইঙ্গারকে নিয়ে চলা দলবদলের গুঞ্জন উড়িয়ে দেন।
ফ্রান্সের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পথে দারুণ পারফরম্যান্স করা ওলিসের সঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে রিয়াল মাদ্রিদের নাম জড়িয়ে গুঞ্জন চলছে। অন্যদিকে লুইস দিয়াজকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।
৫৮ বছর বয়সী ড্রেসেন বলেন, "আপনি যখন সত্যটা জানেন, তখন বাইরে কি বলা হচ্ছে, তা দেখে অবাক লাগে। বিষয়টি বেশ মজার। অলিসে অবশ্যই আগামী মৌসুমে বায়ার্নেই থাকবেন। পাশাপাশি তিনি বলেন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এ বিষয়ে তিনি একটিও ফোন পাননি, এমনকি একটি চিঠি, ফ্যাক্স বা ই-মেইলও নয়।"
লুইস দিয়াজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে ড্রেসেন বলেন, "এ ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কোনও ফোন আসেনি, অন্য কোনো যোগাযোগও হয়নি।"
তিনি আরও বলেন, "তাকে ছেড়ে দেওয়া আমাদের জন্য বোকামি হবে। আমাদের দলটি এতই ভালো, তাদের খেলতে দিন, গোল করতে দিন।"
২০২৫ সালে বায়ার্নে যোগ দেওয়া দিয়াজ এবং ২০২৪ সালে আসা ওলিসে- দুজনেরই বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৯ সাল পর্যন্ত।
এছাড়া ড্রেসেন আশা প্রকাশ করেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করবেন। কেনের বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হওয়ার কথা।
তিনি বলেন, "চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে দুই পক্ষেরই প্রবল আগ্রহ রয়েছে। এখন দেখতে হবে, সেই আগ্রহ কীভাবে বাস্তবায়িত হয়।"
মঙ্গলবার ৩৩ বছরে পা রাখা কেন গত মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ৬১টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও সাতটি গোল করিয়েছেন।