ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১,২৫৭ কোটি টাকা

প্রকাশঃ Aug 2, 2026 - 20:11
ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতা, লেনদেন ছাড়াল ১,২৫৭ কোটি টাকা


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে, তবে ডিএস-৩০ এবং ডিএসইএস শরিয়াহ সূচক কমেছে। একই সঙ্গে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকায়।

ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ৫১ কোটি ৪৩ লাখ ৩২ হাজার ২১৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

দিন শেষে ডিএসইএক্স সূচক আগের কার্যদিবসের তুলনায় ০ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৫,৮৯৫ দশমিক ৭৮ পয়েন্টে অবস্থান করে। অন্যদিকে, ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে ২,২১৩ দশমিক ৩৪ পয়েন্টে এবং ডিএসইএস শরিয়াহ সূচক ২ দশমিক ৬৩ পয়েন্ট কমে ১,১৯২ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ১৯৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৪৯টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো- মালেক স্পিনিং, এসিআই ফর্মুলেশনস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো, সামিট অ্যালায়েন্স পোর্ট, আইটিসি, শার্প ইন্ডাস্ট্রিজ, কপারটেক ইন্ডাস্ট্রিজ, আইপিডিসি ফাইন্যান্স এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি।

দর বৃদ্ধির শীর্ষে ছিল- গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স, কুইন্স সাউথ টেক্সটাইল, আইসিবি সোনালী ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড-১ (স্কিম-১), এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, ইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড এবং আইসিবি তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে দর পতনের শীর্ষে ছিল- এস আলম কোল্ড রোল্ড স্টিলস, বিআইএফসি, সেনা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ক্যাপিটাল, মার্কেন্টাইল ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, জিকিউ বলপেন, এপেক্স স্পিনিং, সোনারগাঁও টেক্সটাইলস এবং আনলিমা ইয়ার্ন ডাইং।

এদিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬ হাজার ১১৪ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ২৪৮ টাকা।