সাড়ে চার বছর পর টি-টোয়েন্টিতে ৫ উইকেট পেলেন রশিদ
দীর্ঘ সাড়ে চার বছর ও ২৪৬ ম্যাচ পর টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। চলমান দা হান্ড্রেড বা ১০০ বলের টুর্নামেন্টের ১৮তম ম্যাচে গতরাতে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ বলে ১৭ রানে ৫ উইকেট নেন এমআই লন্ডনের হয়ে খেলা রশিদ। তার দুর্দান্ত পারফরমেন্সে ৪৫ রানে জয় পায় এমআই লন্ডন।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রশিদ। মাঝে ২৪৬ ম্যাচ খেলেও ইনিংসে ৫ বা তার বেশি উইকেটের দেখা পাননি এই ডান-হাতি স্পিনার।
২০২২ সালে বিগ ব্যাশের ১১তম আসরের ৪৪তম ম্যাচে ব্রিজবেন হিটের মুখোমুখি হয়েছিল রশিদের অ্যাডিলেড স্ট্রাইকার্স। বল হাতে ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রশিদ। যা আজও রশিদের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। রশিদের সেরা বোলিং ফিগারের ম্যাচটি ৭১ রানে জিতেছিল অ্যাডিলেড।
১০০ বলের ক্রিকেট হলেও আনুষ্ঠানিক রেকর্ডে দা হান্ড্রেডকে টি-টোয়েন্টির পরিসংখ্যানেই বিবেচনা করা হয়।
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় সবার উপরে আছেন রশিদ। ৫৪৭ ম্যাচ খেলে ৭৩৬ উইকেট ঝুলিতে আছে রশিদের। ৬০৭ ম্যাচে ৬৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন।
উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। সাবেক এই পেসার ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন।