দ্বিতীয় সেশনেও বাংলাদেশি বোলারদের দাপট
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় সেশনেও দাপট দেখালো বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনের মত দ্বিতীয় সেশনেও ৪ উইকেট শিকার করেছে টাইগার বোলাররা। ফলে ৪৮ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান তুলে চা-বিরতিতে গিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম সেশনে ৪ উইকেটে ৭৪ রান করেছিল অসিরা।
ডারউইনের মারার স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রলিয়া। উদ্বোধনী জুটিতে ৭১ বলে ৪৫ রানের সূচনা করেন দুই অসি ওপেনার ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ড।
১২তম ওভারের চতুর্থ বলে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি ভাঙ্গেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। ৪ চারে ২৩ রান করে হাসানের শিকার হন ওয়েদারাল্ড।
এক ওভার পর অস্ট্রেলিয়ার আরেক ওপেনার হেডকেও শিকার করেন হাসান। ৩ বাউন্ডারিতে ২২ রান করা হেডকে বোল্ড করেন হাসান। ৫২ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া।
কিছুক্ষণ পর বাংলাদেশকে তৃতীয় উইকেট এনে দেন পেসার এবাদত হোসেন। তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনকে ১ রানে বিদায় করেন এবাদত।
প্রথম সেশনের শেষ বলে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রানে ক্যামেরুন গ্রিনকে আউট করেন পেসার তাসকিন আহমেদ।
৭৪ রানে চতুর্থ উইকেট পতনের পর ৫৫ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। ১৯ রানে ক্যারিকে বোল্ড করে জুটি ভাঙ্গেন এবাদত।
দলীয় ১২৯ রানে পঞ্চম ব্যাটার হিসেবে ক্যারি ফেরার পর বো ওয়েবস্টারকে নিয়ে ২৩, অধিনায়ক প্যাট কামিন্সের সাথে ২০ এবং মিচেল স্টার্কের সাথে ৪ রানের জুটি গড়েন স্মিথ। ওয়েবস্টার ১২ রানে তাসকিন এবং কামিন্সকে ৯ ও স্টার্ককে ১ রানে আউট করেন হাসান।
নবম উইকেটে নাথান লায়নকে নিয়ে ৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে চা-বিরতিতে যান স্মিথ। ৭ চার ও ১ ছক্কায় স্মিথ ৬৭ এবং লায়ন শূন্য রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের হয়ে হাসান ৪টি, তাসকিন ও এবাদত ২টি করে উইকেট নিয়েছেন।