অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি তানজিদের
প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে আজ ১০১ রানের নান্দনিক ইনিংস খেলেন তানজিদ। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি। এর আগে বাংলাদেশের কোনো ব্যাটার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করতে পারেননি।
ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। এরপর নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। প্রথম দিন ৩২ রানে অপরাজিত ছিলেন তানজিদ।
দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ। এজন্য ১০২ বল খেলেন তিনি।
হাফ-সেঞ্চুরির পর দমে যাননি তানজিদ। নিজের ইনিংসকে বড় করে ১৮৮ বলে টেস্টে প্রথম সেঞ্চুরির দেখা পান তিনি। তিন অঙ্কে পা রাখতে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তানজিদ।
সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তানজিদ। অস্ট্রেলিয়া স্পিনার নাথান লায়নের বলে স্টার্ককে ক্যাচ দিয়ে থামেন তিনি। ১০১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটার।
গত মে মাসে সিলেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে অভিষেক হয় তানজিদের। প্রথম ইনিংসে ২৬ ও দ্বিতীয় ইনিংসে ৪ রান করেন তিনি। অভিষেকটা স্মরণীয় করে রাখতে না পারলেও, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি পেলেন তানজিদ।