ক্রোয়েশিয়ায় দাবানলে পুড়ে ছাই ঘরবাড়ি ও গাড়ি

প্রকাশঃ Aug 14, 2026 - 20:50
ক্রোয়েশিয়ায় দাবানলে পুড়ে ছাই ঘরবাড়ি ও গাড়ি


ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের একটি ছোট পর্যটন শহর থেকে কয়েকশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার দ্রুত ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা অব্যাহত রেখেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, লোকভা রগোজনিকায় ১৫০ জনের বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করা হয়েছে। আগুন দ্রুত আশপাশের পাইন বন ও গাছপালায় ছড়িয়ে পড়েছে। পরে তা আবাসিক এলাকায় পৌঁছে ঘরবাড়ি ও যানবাহন পুড়িয়ে দেয়।

সারায়েভো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ক্রোয়েশিয়ায় চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে এটি সর্বশেষ দাবানল। সাম্প্রতিক দিনগুলোতে অ্যাড্রিয়াটিক উপকূলের কয়েকটি শহর ও জনপদে রেকর্ড তাপমাত্রা বিরাজ করছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, আগুনে বাস্তুচ্যুত অন্তত ১ হাজার মানুষকে ওমিসের একটি স্থানীয় ক্রীড়া হলে নেওয়া হয়েছে।

লোকভা রগোজনিকার মধ্য দিয়ে যাওয়া উপকূলীয় সড়কের কিছু অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওমিসের দিকে যাওয়া সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।

ক্রোয়েশিয়ার ফায়ার সার্ভিস প্রধান স্লাভকো তুসাকোভিচ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এইচআরটি-কে বলেন, পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ফায়ার সার্ভিস কর্মীদের সামনে কঠিন একটি রাত অপেক্ষা করছে বলে ধারণা করা হচ্ছে।