সান ফ্রান্সিসকোর আলকাট্রাজের কাছে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২

প্রকাশঃ Jul 15, 2026 - 19:22
সান ফ্রান্সিসকোর আলকাট্রাজের কাছে নৌকাডুবি, নিহত ১, নিখোঁজ ২


যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরে সাবেক কারাগার ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র আলকাট্রাজ দ্বীপের কাছে ১৯ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে একজনের প্রাণহানি  হয়েছে। 

এই দুর্ঘটনায় আরও দুজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানান।

নিখোঁজদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের সঙ্গে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশের হেলিকপ্টার, বিমান ও উদ্ধারকারী নৌযান অভিযান চালাচ্ছে।

সান ফ্রান্সিসকো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সান ফ্রান্সিসকোর মেয়রের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে ফায়ার চিফ ডিন ক্রিসপেন বলেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে আলকাট্রাজ দ্বীপ থেকে প্রায় ৬০০ গজ দূরে একটি নৌকায় আগুন লাগার খবর পেয়ে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নৌকাটি উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে  উদ্ধার করে উদ্ধারকারীরা তাকে বাঁচানোর চেষ্টা করে।

ক্রিসপেন আরও বলেন, ‘উদ্ধারকারীরা সঙ্গে ওই ব্যক্তিকে হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাস সচল করার জরুরি চিকিৎসা সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেন ও তীরে নিয়ে যান। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।’

তিনি বলেন, ‘এই ঘটনায় এখনও দুজন নিখোঁজ রয়েছেন। এতে একটি কুকুরও মারা গেছে।’

সান ফ্রান্সিসকো ফায়ার বিভাগের লেফটেন্যান্ট ইলিয়াস মারিয়ানো এএফপিকে বলেন, নিখোঁজ দুজনকে উদ্ধারে ‘সারা রাত’ অনুসন্ধান অভিযান চলবে।
তিনি জানান, নৌকাটি ক্যালিফোর্নিয়ার স্টকটনের একটি ব্যক্তি মালিকানাধীন কেবিন ক্রুজার মোটরবোট।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নৌকাটির বাকি ১৬ আরোহীকে উদ্ধার করা হয়েছে।