হারুনের স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি: রিজভী

প্রকাশঃ Sep 13, 2026 - 20:29
হারুনের স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, কিন্তু তাকে বাঁচতে দেওয়া হয়নি: রিজভী


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্ন মত পোষণকারী ও বিরোধী দলের নেতাকর্মীরা স্বাধীনভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেননি।

তিনি বলেন, ‘আমরা এক দুঃসময় অতিক্রম করেছি। আমরা এক অন্ধকার সময় অতিক্রম করেছি। বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিরোধী মত পোষণ করতেন, বিরোধী দল করতেন, তাদের বাঁচার অধিকার ছিল না। সুন্দর জীবনযাপনের অধিকার ছিল না। বাড়িতে ঘুমানোর অধিকার ছিল না।’

২০১৩ সালের ৪ ডিসেম্বর ফেনী শহরের এসএসকে সড়কে যুবদলের মিছিলে পুলিশের গুলিতে হারুন নিহত হন।

পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শহীদ মো. হারুনুর রশিদের পরিবারের জন্য আজ ‘আমরা বিএনপি পরিবার’-এর নির্মিত বাড়ি উদ্বোধন ও স্বজনদের কাছে চাবি হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘কে যে কখন গুম, খুনের শিকার হতো—এমনই একটি সময় পার করেছি আমরা। এরকম এক ভয়াবহ হিংস্র রাজত্বের মধ্যে পথ অতিক্রম করতে হয়েছে আমাদের। কারো লাশ জমির পাশে, কারো লাশ খালের পাড়ে পড়েছিল শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে।’

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য স্কুলের বাচ্চা-শিশুরাও হত্যা থেকে রেহাই পায়নি। দেশের প্রত্যেকটি জায়গায় শেখ হাসিনার গড়ে তোলা পুলিশ বাহিনী, র‌্যাব রক্ত ঝরিয়েছে, রক্তের বন্যা বহিয়েছে। তাদের আরেক শিকার এ এলাকার শহীদ হারুন।’

রুহুল কবির রিজভী বলেন, ‘হারুনেরও বেঁচে থাকার ইচ্ছে ছিল। সে দলের একজন ছোট্ট কর্মী। তার স্বপ্ন ছিল, তার আশা ছিল সেও বাঁচবে। তার ইচ্ছে ছিল সে গণতন্ত্র ফিরিয়ে আনবে। কিন্তু তাকে তারা বাঁচতে দেয়নি। শুধুমাত্র একটা আদর্শের জন্য তাকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হারুন টাকা পাচার করেনি। হারুন মেট্রোরেলের টাকা আত্মসাৎ করেনি। সে কথা বলার স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।’

অনুষ্ঠানে শহীদ হারুনের স্ত্রী বিবি জোহরার কাছে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়। এ সময় তার বড় মেয়ে মাজেদা আক্তার ও ছেলে তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরে রুহুল কবির রিজভীসহ দলীয় নেতা-কর্মীরা শহীদ হারুনের কবর জিয়ারত করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় জেলা বিএনপির উদ্যোগে শহীদ হারুনুর রশিদের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।