আইসিএসবিতে প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬ নিয়ে ওয়েবিনার

প্রকাশঃ Sep 13, 2026 - 20:33
আইসিএসবিতে প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬ নিয়ে ওয়েবিনার


ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রিটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)-আয়োজিত ‘প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার অনুষ্ঠিত এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্যাংকিং খাতের খেলাপি ঋণসহ (এনপিএল) দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় প্রস্তাবিত আইনের গুরুত্ব ও বাস্তবায়নে চার্টার্ড সেক্রেটারিদের ভূমিকা নিয়ে আলোচনা করা। আইসিএসবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

আইসিএসবির সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ শওকত ইকবাল ওয়েবিনারে সভাপতিত্ব করেন। এতে স্বাগত বক্তব্য দেন আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। 

আইসিএসবির সাবেক প্রেসিডেন্ট এবং ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের নির্বাহী সভাপতি মুজাফফর আহমেদ ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

স্বাগত বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, দ্রুত পরিবর্তনশীল নিয়ন্ত্রক ব্যবস্থার প্রেক্ষাপটে পেশাগত দক্ষতা উন্নয়ন এবং আইন ও বিধিবিধানের সর্বশেষ পরিবর্তন সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কার্যকর পরিপালন এবং সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা সম্ভব।

মূল প্রবন্ধে মুজাফফর আহমেদ বলেন, ব্যাংকিং খাতে উচ্চহারে খেলাপি ঋণ আর্থিক খাতে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রস্তাবিত ডিএএমএ-২০২৬-এ পদ্ধতিগত সমস্যা মোকাবিলায় সরাসরি ভূমিকা রাখতে পারে।

ওয়েবিনারে আলোচক হিসেবে অংশ নেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সাবেক এএমডি এ টি এম. তাহমিদুজ্জামান এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ডিএমডি ও কোম্পানি সেক্রেটারি মো. হুমায়ুন কবির।

এ টি এম তাহমিদুজ্জামান ডিএএমএ-২০২৬-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরার পাশাপাশি আইনটি বাস্তবায়িত হলে চার্টার্ড সেক্রেটারিদের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মো. হুমায়ুন কবির প্রস্তাবিত আইনের কয়েকটি অস্পষ্টতা তুলে ধরে সংশোধনের লক্ষ্যে আইসিএসবির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মোহাম্মদ শওকত ইকবাল বলেন, ওয়েবিনারের আলোচনা দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি এবং প্রস্তাবিত ডিএএমএ-২০২৬-এর গুরুত্ব সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা দিয়েছে। এ ধরনের আলোচনা বিষয়টিকে আরও বিস্তৃত দৃষ্টিকোণ থেকে বোঝার সুযোগ তৈরি করে।

সেমিনার অ্যান্ড কনফারেন্স সাব-কমিটির মেম্বার সেক্রেটারি মো. শহীদ উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সদস্য মো. মাইন উদ্দিন।

জাতীয় সংসদ প্রণীত চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০-এর অধীনে প্রতিষ্ঠিত আইসিএসবি বাংলাদেশে চার্টার্ড/কোম্পানি সেক্রেটারি পেশার উন্নয়ন, প্রসার ও নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রতিষ্ঠানটি দেশে করপোরেট গভর্ন্যান্সের উৎকর্ষ সাধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।