ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় ইংল্যান্ডের

প্রকাশঃ Sep 28, 2026 - 20:50
ব্যান্টনের সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় ইংল্যান্ডের


ওপেনার টম ব্যান্টনের প্রথম সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল।

গতরাতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ২২৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। ওয়ানডে ফরম্যাটে রান বিবেচনায় শ্রীলংকার বিরুদ্ধে এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় জয়। এর আগের বড়  জয়টি ছিল ১২৮ রানের।

সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড ৮৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জিতেছিল শ্রীলংকা। তৃতীয় ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতল ইংলিশরা।  

ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যান্টনের সেঞ্চুরির সাথে অধিনায়ক হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের হাফ সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫৫ রানের বড় সংগ্রহ পায় ইংল্যান্ড।

ওপেনার হিসেবে নেমে ওয়ানডে ক্যারিয়ারের দশম ম্যাচে প্রথম সেঞ্চুরির দেখা পান ব্যান্টন। ১০৫ বল খেলে ১২৬ রানে তুলে আউট হন তিনি। ব্যান্টনের ইনিংসে ১৬টি চার ও ৫টি ছক্কা ছিল।

৬৮ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ব্যান্টনের সাথে ১১৭ বলে ১৫০ রানের জুটি গড়েন ব্রুক। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৬৬ বলে ৯ চার ও ২ ছক্কায় ৭৭ রান করেন ব্রুক।

৬ চার ও ২ ছক্কায় ৫২ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন কক্স। শেষ দিকে উইল জ্যাকস ২৫ ও জেমি ওভারটন ২১ রানের ইনিংস খেলে ইংলিশদের বড় সংগ্রহে অবদান রাখেন।

শ্রীলংকার আসিথা ফার্নান্দো ৩ উইকেট নেন।

জবাবে ইংল্যান্ড বোলারদের তোপে ৮২ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে শ্রীলংকা। শেষ পর্যন্ত ২৯ দশমিক ১ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায় লংকানরা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক কুশল মেন্ডিস। ইংল্যান্ডের লিয়াম ডসন ৩টি ও গাস অ্যাটকিনসন ২টি উইকেট নেন।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে ম্যাচ সেরা হন ব্যান্টন। ব্যাট হাতে ১২৩ রান ও বল হাতে ৬ উইকেট নিয়ে সিরিজ সেরা হন জ্যাকস।