অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে নেই ডি জর্জি
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে খেলবেন না দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটার টনি ডি জর্জি। তার জায়গায় প্রথম টেস্টেই অভিষেক হতে পারে মার্কুইস অ্যাকারম্যানের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান জর্জি। সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে পড়া দক্ষিণ আফ্রিকার পঞ্চম ক্রিকেটার হলেন তিনি।
গত দুই মাস ধরে একই চোটে ভুগেছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, ওটনিয়েল বার্টম্যান ও কিউনা মাফাকা।
ডি জর্জির ইনজুরি বিষয়ে দেওয়া এক বিবৃতিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, ইনজুরির কারণে প্রথম টেস্টে জর্জির খেলা সম্ভব নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জর্জি ছিটকে গেলেও, তার বদলি হিসেবে কাউকে দলে নেবে না সিএসএ।
গত আগস্টে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে প্রিটোরিয়ায় প্রথম তিন দিনের ম্যাচের প্রথম ইনিংসে ২৩৭ বলে ২৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যাকারম্যান।
৮৫টি প্রথম শ্রেণির ম্যাচে ১৬ সেঞ্চুরি ও ৩১ হাফ সেঞ্চুরিতে ৫৯৮৬ রান করেছেন ৩০ বছর বয়সি অ্যাকারম্যান।

