দেশি জাতের গবাদিপশু উন্নয়নে সরকারের উদ্যোগ জোরদারের ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর

প্রকাশঃ Jul 7, 2026 - 19:23
দেশি জাতের গবাদিপশু উন্নয়নে সরকারের উদ্যোগ জোরদারের ঘোষণা প্রতিমন্ত্রী টুকুর

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশি জাতের গবাদিপশুর উন্নয়ন এবং খামারের ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। আজ সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে উৎপাদিত নিজস্ব ঘাসই এখানকার গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা একটি ইতিবাচক অগ্রগতি। 

তিনি বলেন, উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে খামারের উৎপাদনশীলতা ও কার্যকারিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে প্রত্যাশিত ফলাফল অর্জন করা যায়। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী খামারের বাছুর (ক্যাফ) সেকশন, ডেইরি ফার্ম, পাবনা ক্যাটল ইউনিট, মীরকাদিম ইউনিট, হলস্টেইন-ফ্রিজিয়ান ইউনিট, কৃত্রিম প্রজনন (এআই) ল্যাবরেটরি, ব্রিডিং বুল ইউনিট এবং শতভাগ আমেরিকান ফ্রিজিয়ান বুল পরিদর্শন করেন। 

এ সময় তিনি দেশি জাতের গবাদিপশুর উন্নয়ন, পশুখাদ্য উৎপাদন, খামার ব্যবস্থাপনা এবং সার্বিক অবকাঠামোগত কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মো. শহিদুল ইসলাম এবং খামারের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।