রানার বোলিং তোপে ১৪১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

প্রকাশঃ Jul 6, 2026 - 20:40
রানার বোলিং তোপে ১৪১ রানে গুটিয়ে গেল জিম্বাবুয়ে

পেসার নাহিদ রানার বোলিং তোপে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে। ১০ ওভার বল করে ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন রানা। ওয়ানডেতে বাংলাদেশের কোন বোলারের এটিই সেরা বোলিং ফিগার। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। প্রথম ৬ ওভারে ২৭ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল জিম্বাবুয়ে। 

সপ্তম ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে চাপে ফেলার পথ তৈরি করে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের করা ঐ ওভারের চতুর্থ বলে ব্যক্তিগত ১৮ রানে রান আউট হন জিম্বাবুয়ের ওপেনার বেন কারান।  ওভারের শেষ বলে আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ১৭ রানে শিকার করেন তাসকিন।  নবম ওভারের শুরুতে আবারও উইকেটের দেখা পান তাসকিন। ক্রিজে আসা নতুন ব্যাটার ক্রেইগ আরভিনকে প্রথম ডেলিভারিতেই বোল্ড করেন তাসকিন।

৩৮ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশ পেসার নাহিদ রানার তোপের মুখে পড়ে জিম্বাবুয়ে। ২৫ রানে পরের ৫ উইকেট হারায় স্বাগতিকরা। সবগুলো উইকেটই শিকার করেন রানা। সিকান্দার রাজাকে ১ রানে, ওয়েসলি মাধভেরেকে শূন্য হাতে, ক্লাইভ মাদান্দেকে ২ রানে, ইনোসেন্ট কাইয়াকে ২৬ রানে এবং ব্রাড ইভান্সকে ৩ রানে শিকার করেন রানা। এতে ৭০ রানে অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে। ১৪ ম্যাচের ক্যারিয়ারে এই নিয়ে তৃতীয়বার ইনিংসে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন রানা। এর আগে একবার করে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছিলেন এই ডান-হাতি পেসার। 

২০তম ওভারে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া জিম্বাবুয়েকে লজ্জার হাত থেকে রক্ষা করেন অধিনায়ক রিচার্ড এনগারাভা ও নিউম্যান ন্যামহুরি। উইকেটে সেট হয়ে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন তারা। ২৭তম ওভারে দলের রান ১শতে নেন তারা। ৩০তম ওভারে জুটিতে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন দুই লোয়ার অর্ডার ব্যাটার। ইনিংসের ৩৪তম ওভারে নবমবারের মত আক্রমণে এসেই বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন রানা। ৩টি চারে ৪১ বলে ২৭ রান করা এনগারাভাকে বোল্ড করে ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৬ উইকেটের দেখা পান রানা। 

ন্যামহুরির সাথে ৮১ বলে ৬৩ রানের জুটি গড়েন এনগারাভা। দলীয় ১৩৩ রানে নবম উইকেট পতনের পর বেশি দূর যেতে পারেনি জিম্বাবুয়ে। শেষ ব্যাটার হিসেবে ন্যামহুরিকে শিকার করে ৩৬.৪ ওভারে জিম্বাবুয়েকে ১৪১ রানে গুটিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ৫ বাউন্ডারিতে ৫১ বলে ৩৩ রান করেন ন্যামহুরি। ৪ রানে অপরাজিত থাকেন ব্লেসিং মুজারাবানি। ১০ ওভারে ২১ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে বাংলাদেশের সফল বোলার রানা। এছাড়া তাসকিন ২টি ও মিরাজ ১ উইকেট নেন।