ঈদে আসছে ‘আকাশে ওই বাঁকা চাঁদ’ সংগীতপ্রেমীদের জন্য নতুন উপহার
গানটির কথা লিখেছেন প্রতিথযশা উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশিষ বিশ্বাস। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিপলু দ্বীপ বিজন। আধুনিক ধাঁচের এই আবেগঘন গানে ঈদের আনন্দ, স্মৃতি এবং ভালোবাসার অনুভূতির এক মায়াবী মেলবন্ধন তুলে ধরা হয়েছে।
গানের কথায় আকাশের চাঁদকে কেন্দ্র করে ঈদের আবহ এবং প্রেমের কোমল অনুভূতি ফুটে উঠেছে। একইসঙ্গে সুরের বিন্যাসে রাখা হয়েছে মেলোডির মৃদু ও হৃদয়ছোঁয়া ধারা, যা শ্রোতাদের এক বিশেষ আবেগে আবদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
গীতিকার দেবাশিষ বিশ্বাস জানান, তিনি এই গানের মাধ্যমে মানুষের সহজ-সরল অনুভূতিগুলো তুলে ধরতে চেয়েছেন। অন্যদিকে সুরকার শিপলু দ্বীপ বিজন বলেন, আধুনিকতা ও মেলোডির মধ্যে ভারসাম্য বজায় রেখে গানটি তৈরি করা হয়েছে, যা দুই শিল্পীর কণ্ঠে ভিন্ন মাত্রা পেয়েছে।
শিল্পী আব্দুল আজিজ ও সালমান রাজও গানটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের বিশ্বাস, গানটির কথা ও সুর শ্রোতাদের মনে নতুন এক আবেগের সঞ্চার করবে।
প্রযোজনা প্রতিষ্ঠান এস ভি এম মিউজিক কিচেন জানায়, নতুন প্রজন্মের জন্য ভিন্নধর্মী ও মানসম্মত গান উপহার দেওয়াই তাদের লক্ষ্য। “আকাশে ওই বাঁকা চাঁদ” গানটি ঈদ উল ফিতরে তাদের ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে। সংগীত সংশ্লিষ্টদের মতে, কথা, সুর ও কণ্ঠের সমন্বয়ে গানটি শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নিতে সক্ষম হবে।