বিএসইসির ওপর বর্তমানে কোনো রাজনৈতিক চাপ নেই: চেয়ারম্যান
দেশের পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিদেশে রোডশো আয়োজনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বিএসইসি চেয়ারম্যানের মতে, ভালো কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে পারলেই বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমানে বিএসইসির ওপর কোনো রাজনৈতিক চাপ নেই এবং কমিশন স্বাধীনভাবে কাজ করছে।
আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ আয়োজিত ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মাসুদ খান বলেন, ‘রোডশোর নামে অর্থ অপচয়ের কোনো যৌক্তিকতা নেই। বরং ভালো ও শক্তিশালী কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে পারলে বাজার স্বাভাবিকভাবেই আকর্ষণীয় হবে।’ তিনি জানান, বড় বহুজাতিক ও শীর্ষস্থানীয় দেশীয় কোম্পানিগুলোকে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) মাধ্যমে বাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে দীর্ঘসূত্রতা কমে।
বিএসইসি চেয়ারম্যান বলেন, ব্রোকারেজ হাউসগুলোর অনিয়ম ঠেকাতে নিয়মিত অডিটসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে। এতে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ। তার ভাষ্য, বিএনপির নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজার উন্নয়নের যে অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীও বিএসইসিকে স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা দিয়েছেন। ফলে কমিশনের ওপর বর্তমানে কোনো রাজনৈতিক চাপ নেই।
একীভূত হওয়া পাঁচটি ব্যাংক ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদের তুলনায় দায় বেশি উল্লেখ করে মাসুদ খান বলেন, এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দীর্ঘদিনের কারসাজি, দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা ও সুশাসনের অভাবে দেশের পুঁজিবাজার আস্থার সংকটে পড়েছে। তবে বর্তমান কমিশনের কিছু পদক্ষেপ, বিশেষ করে দীর্ঘদিনের বিতর্কিত ফ্লোর প্রাইস প্রত্যাহার, বাজারকে স্বাভাবিক করার ক্ষেত্রে সময়োপযোগী সিদ্ধান্ত বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, গত দেড় দশকে কারসাজি ও প্রতারণার মাধ্যমে শেয়ারবাজার থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এতে বহু ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে বাজার ছেড়েও গেছেন। তার দাবি, বর্তমানে বিদেশি বিনিয়োগ আকর্ষণেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত না হলে বিদেশি বিনিয়োগ বাড়ানো কঠিন হবে।
ছায়া সংসদ বিতর্কে ‘দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থার কারণেই পুঁজিবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে’Ñএই বিষয়ে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়কে হারিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।