গাবতলীতে স্পোর্টস কার থেকে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১

প্রকাশঃ Jul 18, 2026 - 22:24
গাবতলীতে স্পোর্টস কার থেকে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১


রাজধানীর গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়েছে ট্রাফিক পুলিশ। এতে ওই গাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাজ্জাদ হোসেন আশিক নামের একজনকে আটক করা হলেও কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে গেছেন চালক।

শনিবার (১৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এতে জানানো হয়, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা স্পোর্টস কারটিকে সিগন্যাল দিয়ে থামান দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়িটি থামার পর চালকের কাছে কাগজপত্র চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে চালক দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট অনিরুদ্ধ মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে গাড়িটি আটক করেন। এরপর সকাল পৌনে ৭টার দিকে মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চালকের পাশের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তলসহ ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আরও জানান, পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারের পর চালক গাড়িটি নিয়ে কৌশলে পালিয়ে যান। আটক সাজ্জাদ হোসেন আশিককে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।