পাহাড়ি ঢল-ভারী বৃষ্টিতে সুনামগঞ্জে নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল
ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি। গত ২৪ ঘণ্টায় জেলার লাউড়েরগড়ে সর্বোচ্চ ১৪০ মিলিমিটার এবং সুনামগঞ্জে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সোমবার সকাল ৯টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি ৮.৮৬ মিটার, যা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে রয়েছে। সুনামগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ৭.৩৫ মিটার, যা বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার নিচে। লাউড়েরগড় পয়েন্টে ৭.৪৪ মিটার, যা বিপৎসীমার ৬১ সেন্টিমিটার নিচে এবং দিরাই পয়েন্টে ৬.০৬ মিটার, যা বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার আশংকা রয়েছে বলে জানান পাউবো কতৃপক্ষ।
পাহাড়ি ঢলের পানি তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী চারাগাঁও এলাকার লোকালয়ে আবারও প্রবেশ করেছে। এতে বেশ কয়েকটি বসতবাড়ি প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক বলেন, ‘উজানে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলের চাপ অব্যাহত রয়েছে। বর্তমানে ছাতক পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সকল উপজেলার কর্মকর্তারা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ রাখা হয়েছে।