নতুন ইকোনমিক সেক্টর কোড চালু করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশঃ Jul 23, 2026 - 22:08
নতুন ইকোনমিক সেক্টর কোড চালু করল বাংলাদেশ ব্যাংক


সরকারি আমানতের তথ্য আরও সুষ্ঠু, স্বচ্ছ ও শ্রেণিবদ্ধভাবে সংরক্ষণ এবং ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (টিএসএ) ব্যবস্থাপনা শক্তিশালী করতে সরকারি আমানতের প্রতিবেদনে নতুন ইকোনমিক সেক্টর কোড বা আইডি সংযোজন করেছে বাংলাদেশ ব্যাংক।
এ লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২০১৪ সালের ২৪ মার্চ জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং-১০-এর ধারাবাহিকতায় সরকারি নগদ ব্যবস্থাপনা এবং ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টের স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ, আমানত গ্রহণকারী নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, সরকারি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং সরকারি পেনশন ফান্ডের অফিস ও প্রতিষ্ঠানভিত্তিক বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।

এ উদ্দেশ্যে সংযুক্তি ‘এ’ অনুযায়ী নতুন কয়েকটি ইকোনমিক সেক্টর কোড বা আইডি প্রণয়ন করা হয়েছে। আগামী জুলাই ২০২৬ থেকে এসব নতুন কোড ব্যবহার করে প্রতি মাসের তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে।

তবে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, জুন ২০২৬ মাসের সরকারি হিসাবসংক্রান্ত আমানতের মাসিক বিবরণী আগের আরআইটি পদ্ধতি অনুযায়ীই জমা দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনার সঙ্গে নতুন ইকোনমিক সেক্টর কোড বা আইডির বিস্তারিত বর্ণনা সম্বলিত ১৩ পৃষ্ঠার সংযোজনী সংযুক্ত করা হয়েছে।