রেমিট্যান্সে হুন্ডি নির্ভরতা কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তাগিদ

প্রকাশঃ Jul 23, 2026 - 22:09
রেমিট্যান্সে হুন্ডি নির্ভরতা কমাতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার তাগিদ


দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে এবং হুন্ডি নির্ভরতা কমাতে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা (আইআইপিএস) গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থনীতিবিদ ও আর্থিক খাতসংশ্লিষ্টরা। 

তাঁদের মতে, কম খরচে আন্তঃপরিচালনযোগ্য (ইন্টারঅপারেবল) ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করা গেলে আনুষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়বে, আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হবে।
বৃহস্পতিবার ঢাকায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) গেটস ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত ‘বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম (আইআইপিএস) বিশ্লেষণ এবং আন্তঃসীমান্ত রেমিট্যান্স’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান ড. জাইদি সাত্তার। তিনি বলেন, দেশের জিডিপির প্রায় ৬ শতাংশ আসে রেমিট্যান্স থেকে। তবে ওমানে থাকা প্রায় সাত লাখ বাংলাদেশির অনেকেই এখনো আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠান। এই প্রবণতা কমাতে ডিজিটাল আর্থিক ব্যবস্থার বিস্তার এবং উৎপাদনশীল খাতে রেমিট্যান্স বিনিয়োগে নীতিগত উদ্যোগ প্রয়োজন।

পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার বলেন, অন্তর্ভুক্তিমূলক তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থা চালু হলে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও অন্যান্য সেবাদাতার মধ্যে লেনদেন আরও সহজ, সাশ্রয়ী ও আন্তঃপরিচালনযোগ্য হবে। এতে কম খরচে আন্তঃসীমান্ত রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি হবে এবং অনানুষ্ঠানিক চ্যানেলের ব্যবহার কমবে।

পিআরআইয়ের পরিচালক ড. এম. এ. রাজ্জাক বলেন, গবেষণায় প্রবাসীরা কেন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক চ্যানেল ব্যবহার করেন, তা বিশ্লেষণ করা হবে। ছয়টি গুরুত্বপূর্ণ দেশে জরিপের ভিত্তিতে আনুষ্ঠানিক ডিজিটাল চ্যানেল ব্যবহারের প্রতিবন্ধকতা চিহ্নিত করা হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. এজাজুল ইসলাম বলেন, এই ব্যবস্থা ডিজিটাল লেনদেনের ব্যয় কমানোর পাশাপাশি আর্থিক অন্তর্ভুক্তি, স্বচ্ছতা ও কর পরিপালন বাড়াতে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাহিদ ইকবাল জানান, কেন্দ্রীয় ব্যাংক উন্মুক্ত উৎসের মোজালুপ প্ল্যাটফর্মে আইআইপিএস উন্নয়ন করছে। এর মাধ্যমে ব্যাংক, পেমেন্ট সেবাদাতা এবং ভবিষ্যতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে একই ডিজিটাল অবকাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

পিআরআইয়ের সম্মাননীয় ফেলো ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. আহসান এইচ. মনসুর বলেন, নগদ অর্থ ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাংকের বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়। তাই ডিজিটাল লেনদেনের খরচ কমিয়ে নগদবিহীন অর্থনীতির দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।