সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশঃ Jul 25, 2026 - 21:50
সাতক্ষীরায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা


জেলায় আজ জালনোট প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় সোনালী ব্যাংক পিএলসি, সাতক্ষীরা শাখার আয়োজনে সোনালী ব্যাংকের নিজস্ব ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক- এর খুলনা অফিসের অতিরিক্ত পরিচালক মো. মনজুর রহমান। 

সোনালী ব্যাংকের সাতক্ষীরা শাখার সহকারি মহাব্যবস্থাপক (শাখা প্রধান) এ.এস.এম. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস, সাতক্ষীরার উপ-মহা ব্যবস্থাপক (ইনচার্জ) এ. কে. এম. ফারুক ফয়সল এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের যুগ্ম-পরিচালক (ব্যাংকিং) মো. মিজানুর রহমান।

কর্মশালায় জালনোট শনাক্তকরণ, জালনোটের প্রচলন রোধে করণীয় এবং জালনোটের বিষয়ে সাধারণ জনগণকে সচেতন করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় জানানো হয়, খুলনা বিভাগের জালনোট-সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয় অবস্থানে রয়েছে। জেলায় জালনোট-সংক্রান্ত মোট ৯০টি মামলা রয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৩৩টি, আশাশুনিতে ১৩টি, কালিগঞ্জে ১২টি, শ্যামনগরে ৯টি, তালায় ৮টি, কলারোয়ায় ৭টি, দেবহাটায় ৫টি এবং পাটকেলঘাটায় ৩টি মামলা রয়েছে। 

বক্তারা জালনোটের বিস্তার রোধে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি লেনদেনের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই করে গ্রহণ এবং সন্দেহজনক নোট পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।