গোপালগঞ্জে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা

প্রকাশঃ Jul 26, 2026 - 20:57
গোপালগঞ্জে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা


জেলায় আজ ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, সামাজিক বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম এবং গোপালগঞ্জ সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক প্রমুখ। 

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।