ডিএসই’র ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে যুক্ত হলো প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি

প্রকাশঃ Jul 27, 2026 - 21:27
ডিএসই’র ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে যুক্ত হলো প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি


ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) তাদের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে (ইএসএস) প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি যুক্ত করেছে। এর ফলে সাধারণ বিনিয়োগকারীরা এখন প্রাথমিক পর্যায়ে বিভিন্ন আর্থিক পণ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগের সুযোগ পাবেন।

নতুন এই সুবিধা সম্পর্কে অংশীজনদের অবহিত করতে ডিএসই আজ সোমবার জুম প্ল্যাটফর্মে একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। এতে মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি), ট্রেক হোল্ডার (ট্রেক) এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় জানানো হয়, এতদিন ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে শুধু এলিজিবল ইনভেস্টর (ইআই) ও কোয়ালিফায়েড ইনভেস্টর (কিউআই) ক্যাটাগরির বিনিয়োগকারীরা প্রাথমিক বিনিয়োগের সুযোগ পেতেন। নতুন প্রাইভেট ইনভেস্টর (পিআই) ক্যাটাগরি চালুর ফলে সাধারণ বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন ফান্ড এখন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত প্রাইভেটলি অফারড বন্ড, ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং ইকুইটিতে বিনিয়োগ করতে পারবেন।

ডিএসই জানায়, যেকোনো ব্যক্তি, নিবন্ধিত প্রতিষ্ঠান বা ফান্ড পিআই ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবে। ব্যক্তি বিনিয়োগকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যাংক হিসাব এবং প্রতিষ্ঠান বা ফান্ডের ক্ষেত্রে নিবন্ধন সনদ ও ব্যাংক হিসাবের তথ্য প্রদান বাধ্যতামূলক। পিআই হিসেবে নিবন্ধনের জন্য কোনো ধরনের নিবন্ধন ফি রাখা হয়নি।

কর্মশালায় ইএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন ও সাবস্ক্রিপশনের ধাপ, প্রয়োজনীয় তথ্য-উপাত্ত এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, নতুন এই উদ্যোগ সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইকুইটির বাইরে বিকল্প বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ করবে। পাশাপাশি, এটি পুঁজিবাজারে ডিজিটাল, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক বিনিয়োগ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে। এর মাধ্যমে বাজারে আরও বৈচিত্র্যপূর্ণ আর্থিক পণ্য যুক্ত করার সুযোগ সৃষ্টি হবে বলেও তারা উল্লেখ করেন।