ঝিনাইদহে মহাসড়কে ২০ যানবাহনকে জরিমানা
জেলায় আজ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্ঘটনা হ্রাস এবং শব্দদূষণ নিয়ন্ত্রণের লক্ষ্যে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং মোট ৮ হাজার জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর এলাকার ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মহাসড়কে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন।
এ সময় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক সোহাগ হোসাইন, বেঞ্চ সহকারী হারুন-অর রশিদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যানবাহন পরিচালনা, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল এবং বিকট শব্দের হাইড্রলিক হর্ন ব্যবহারের অভিযোগে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এসব অপরাধে মোট আট হাজার ৪ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে কয়েকটি অবৈধ হাইড্রলিক হর্ন খুলে জব্দ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন জানান, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।