চীনের প্রযুক্তিগত অগ্রগতির খবরে চাপের মুখে মার্কিন চিপ কোম্পানির শেয়ার

প্রকাশঃ Jul 28, 2026 - 16:50
চীনের প্রযুক্তিগত অগ্রগতির খবরে চাপের মুখে মার্কিন চিপ কোম্পানির শেয়ার


চীনের কম্পিউটার চিপ শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে পারে—এমন একটি প্রযুক্তিগত অগ্রগতির খবর প্রকাশের পর সোমবার ওয়াল স্ট্রিটে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় সেমিকন্ডাক্টর কোম্পানির শেয়ারদর কমে গেছে।

‘ইনফরমেশন’ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কোম্পানি সাংহাই ইউলিয়াংশেং ইমারশন ডিপ আল্ট্রাভায়োলেট (ডিইউভি) লিথোগ্রাফি মেশিন তৈরি করছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এ প্রযুক্তিতে অতিবেগুনি রশ্মি ব্যবহার করে সিলিকনের ওপর অতি সূক্ষ্ম বৈদ্যুতিক বর্তনী খোদাই করা হয়।

এ বিষয়ে এএফপি যোগাযোগ করলে ইউলিয়াংশেং তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। একইভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্ট সিকারিয়ার ও হুয়াওয়েও কোনো মন্তব্য করেনি।

ডিইউভি মেশিন উৎপাদনে সফল হলে ইউরোপীয় ইউনিয়নের বাইরে রপ্তানি নিষেধাজ্ঞার আওতায় থাকা এএসএমএলের ওপর চীনের নির্ভরতা কমে যাবে।

এর ফলে চীনের চিপ শিল্প আরও দ্রুত প্রসেসর উন্নয়ন ও উৎপাদন করতে পারবে। এতে বর্তমানে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে ব্যবধানও কমে আসবে।

এ অগ্রগতি চীনের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত প্রতিষ্ঠানের এআই মডেলের সঙ্গে ব্যবধান আরও কিছুটা কমিয়ে আনতেও সহায়তা করবে।

খবর প্রকাশের পর এএমডির শেয়ারদর সর্বোচ্চ ৮ শতাংশ, এনভিডিয়ার প্রায় ৫ শতাংশ, মাইক্রনের ৫ শতাংশ এবং ইন্টেলের ৩ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যায়।