উইঙ্গার বার্নসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করল নিউক্যাসল

প্রকাশঃ Jul 28, 2026 - 16:54
উইঙ্গার বার্নসের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করল নিউক্যাসল


প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসলের সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে সই করে নিজের ভবিষ্যৎ ক্লাবটির সঙ্গে বেঁধে ফেলেছেন হার্ভে বার্নস।

বার্নসের আগের চুক্তির এখনও দুই বছর বাকি আছে। তবে নতুন মৌসুম শুরুর আগে সেন্ট জেমস পার্কে তার অবস্থান আরও দীর্ঘায়ীত করতে ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলারকে রাজি করাতে সক্ষম হয়েছে নিউক্যাসল।

মরগান রজার্সকে চেলসির কাছে বিক্রি করার পর নতুন ফরোয়ার্ডের খোঁজে থাকা অ্যাস্টন ভিলার সঙ্গে বার্নসের নাম জড়িয়েছিল।

অফ-সিজনে অ্যান্থনি গর্ডনের বার্সেলোনায় যোগ দেওয়া এবং সান্দ্রো টোনালির টটেনহ্যামে পাড়ি জমানোর পর বার্নসের এই সিদ্ধান্ত নিউক্যাসলের জন্য বড় ধরনের স্বস্তি ও শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ও অধিনায়ক ব্রুনো গিমারায়েসকে দলে ধরে রাখতেও আশাবাদী নিউক্যাসল, যদিও তাকে দলে নিতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল।

বার্নস বলেন, "নতুন মৌসুম শুরু হওয়ার আগেই এই নতুন চুক্তিতে সই করতে পেরে দারুণ লাগছে। এখন পর্যন্দ যাত্রাটা অসাধারণ ছিল এবং সেটি আরও এগিয়ে নিয়ে যেতে পেরে আমি খুবই আনন্দিত। আমি যখন প্রথম এই ক্লাবে যোগ দিই, তখনই বুঝেছিলাম এটি কতটা বিশেষ একটি জায়গা। কিন্তু এখানে তিন বছর কাটানোর পর সেই অনুভূতি আরও গভীর হয়েছে। এই ক্লাবের সবকিছুই আমার ভালো লাগে- শহর, স্টেডিয়াম, এখানকার মানুষ। এখানে আরও দীর্ঘ সময় থাকতে পারব বলে আমি সত্যিই খুব খুশি।"

২০২৩ সালে লেস্টার সিটি থেকে নিউক্যাসলে যোগ দেওয়া বার্নস গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে তিনি ১৬টি গোল করেছেন তিনি। ২৮ বছর বয়সী এই উইঙ্গার নিউক্যাসলের হয়ে এখন পর্যন্ত ১২০ ম্যাচে ৩০টি গোল করেছেন।

নিউক্যাসলের প্রধান কোচ এডি হাউ তিন বছরে বার্নসের ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করেছেন, ‘‘হার্ভের নতুন চুক্তি পুরোপুরি প্রাপ্য। নিউক্যাসল ইউনাইটেডে তিন বছরে সে যে পরিশ্রম করেছে এবং যে মানের ফুটবল উপহার দিযয়েছে, এই চুক্তি তারই স্বীকৃতি। হার্ভে এমন একজন খেলোয়াড়, যে দলের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ধারাবাহিকভাবে বিশেষ কিছু করে দেখিয়েছে। সর্বোচ্চ পর্যায়ে তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। তবে আমরা বিশ্বাস করি, তার কাছ থেকে আরও অনেক কিছু পাওয়ার বাকি আছে।"