বগুড়ায় মাদকসহ দুই নারী গ্রেপ্তার

প্রকাশঃ Jul 28, 2026 - 16:56
বগুড়ায় মাদকসহ দুই নারী গ্রেপ্তার


বগুড়া সদর উপজেলার ঠনঠনিয়া এলাকা থেকে আজ অভিনব কায়দায় ১শ’ বোতল নেশাজাতীয় ভারতীয় ‘ইস্কাফ’ সিরাপ বহনের সময় ২ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঠনঠনিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঈদগাহ মাঠের প্রধান গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত দিলবার হকের মেয়ে মোছা. রুবিনা বেগম (৫১) এবং একই গ্রামের মোহাম্মদ আলী ব্যাপারীর মেয়ে মোছা. শিল্পী (৩৫)।

র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া থেকে ঢাকাগামী গাবতলী অভিমুখী যাত্রীবাহী একটি বাসে ২ নারী বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য বহন করছেন। এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি চৌকস দল ঠনঠনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১শ’ বোতল ইস্কাফ, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ২,৫০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ নির্মূলে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।