সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিন সম্প্রসারণ করা হবে: পর্যটনমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, কর্মকর্তা-কর্মচারীদের আরো আরামদায়ক ও উন্নত সেবা নিশ্চিত করতে সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিন সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, ‘বর্তমান ক্যান্টিনের স্থান তুলনামূলকভাবে সীমিত। তাই সবাই যেন আরো স্বাচ্ছন্দ্যে এবং উন্নত পরিবেশে সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে ক্যান্টিন সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন (বিপিসি) ক্যান্টিনটি পরিচালনা করে।
মন্ত্রী বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই নিয়মিত আকস্মিক পরিদর্শন পরিচালনা করা হবে।
তিনি সতর্ক করে বলেন, ক্যান্টিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মান বজায় রাখতে অবহেলা পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
খাবারের মান, পরিবেশ বা সেবার বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা সরাসরি তাকে জানানোর জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সেবার মান ধারাবাহিকভাবে উন্নত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
পরিদর্শনকালে আফরোজা খানম ক্যান্টিনের খাবারের মান ও মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, সার্বিক পরিবেশ এবং সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্যান্টিনকে আরো পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করে গড়ে তোলার নির্দেশ দেন।
এছাড়া সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত, স্বাস্থ্যসম্মত ও সেবাকেন্দ্রিক পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি আরো জোরদার করারও নির্দেশনা দেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সেবার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপসের সুযোগ নেই।’