চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন, আদায় ১৯ লাখ টাকা রাজস্ব

প্রকাশঃ Jul 29, 2026 - 20:06
চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন, আদায় ১৯ লাখ টাকা রাজস্ব


চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য শনাক্ত করে বিচারাদেশের মাধ্যমে ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা রাজস্ব আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ বুধবার কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় আমদানিকারক রেইনবো কর্পোরেশনের (বিল অব এন্ট্রি নম্বর: সি-১১৩৮৭০৬, তারিখ: ৫ জুলাই ২০২৬) আমদানিকৃত পণ্যচালান কায়িক পরীক্ষা করে।

পরীক্ষায় ঘোষিত ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি চকলেটের পরিবর্তে ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি এবং ২ হাজার ৫৭২ দশমিক ১৬ কেজি ওয়েফারের পরিবর্তে ২ হাজার ৬৮৪ দশমিক ৮৮ কেজি পণ্য পাওয়া যায়।

চালানটিতে ঘোষিত ওজনের চেয়ে ৫৪০ দশমিক ৪১ কেজি বেশি পাওয়া যায়, যা নীট ওজনের চেয়ে  ৫ দশমিক ৮৩ শতাংশ অতিরিক্ত পণ্য শনাক্ত হয়।

এ ঘটনায় বিচারাদেশের মাধ্যমে অতিরিক্ত শুল্ককর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা হিসেবে ১ লাখ টাকা আদায় করা হয়। এতে মোট অতিরিক্ত রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়ায় ১৯ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা।