বিশ্ব বাঘ দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা

প্রকাশঃ Jul 29, 2026 - 20:13
বিশ্ব বাঘ দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা


জেলার শ্যামনগরে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এ প্রতিপাদ্যে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জ ও সিএমসি (সহ-ব্যবস্থাপনা কমিটি) এর আয়োজনে আজ বুধবার বেলা ১১টায় উপজেলার বুড়িগোয়ালিনী সিপিজি কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মশিউর রহমান।

সিএমসি সভাপতি মাহামুদা বেগমের সভাপতিত্বে ও সদস্য আবু ফরিদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন, ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, কলাগাছিয়া বনবিভাগ কেন্দ্রের ইনচার্জ সুলজ কুমার দ্বীপ, ফরেস্ট জামে মসজিদের ইমাম রেজাউল করিম, সিপিজি সদস্য পঞ্চি রানী ও রুহুল আমিন, সিএমসি সদস্য আব্দুর রশিদ ও উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু বাংলাদেশের জাতীয় গর্ব নয়, সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষার অন্যতম প্রধান উপাদান। তাই সুন্দরবন ও বাঘ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, মানব-বন্য প্রাণীর সংঘাত এবং বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের কারণে সুন্দরবনের বাঘের আবাসস্থল ক্রমেই হুমকির মুখে পড়ছে। এই সংকট মোকাবিলায় বন বিভাগের পাশাপাশি সহ-ব্যবস্থাপনা কমিটি, সামাজিক সংগঠন এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, সুন্দরবন টিকে থাকলে উপকূলীয় জীববৈচিত্র্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার সক্ষমতা এবং লাখো মানুষের জীবিকা সুরক্ষিত থাকবে।