পটুয়াখালীতে মাদকসহ দম্পতি গ্রেপ্তার
জেলার দশমিনা উপজেলায় ১৫০ গ্রাম গাঁজাসহ গফুর হাওলাদার (৬১) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৫০) নামে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর কাটাখালী গ্রামে তাদের বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল ওই দম্পতির বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের বসতঘর থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।